ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, গ্রাম আদালতের সক্ষমতা বাড়িয়ে স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।
শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে 'ন্যাশনাল কনসাল্টেশন অন দি ভিলেজ কোর্টস এ্যাক্ট, ২০০৬: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক আলোচনায় তিনি বলেন, ন্যায়বিচার প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানে প্রতিটি ব্যাক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচারের কোনো বিকল্প নেই।
গ্রাম আদালত দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠি এবং নারী ও শিশুর ন্যায় বিচার প্রাপ্তির একটি বড় সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করে শওকত আলী।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ এ আলোচনা আয়োজন করে।
বাংলাদেশের গ্রামীণ জনপদে শত বছরের পুরোনো সালিশ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় মিমাংসাযোগ্য বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে যার প্রাতিষ্ঠানিক ভিত্তি না থাকলেও সামাজিক স্বীকৃতি রয়েছে বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, "সুতরাং এ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সরকারের আকার কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সারা বাংলাদেশে এ আদালতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এর বিস্তার ঘটাতে হবে এবং স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।"
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/২১২৭ ঘ.
bdnews24