ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশিদের ভারতবিদ্বেষ নিয়ে মনমোহন সিং কোনো বক্তব্যই দেননি বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।
মনমোহনের সফরের এক মাস আগে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসা চিদাম্বরমকে শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রধানমন্ত্রী এ ধরনের কোনো বক্তব্যই দেননি।"
ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৯ জানুয়ারি নয়া দিল্লিতে সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।"
তার এ বক্তব্যে নিয়ে ঢাকার বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিক্রিয়া জানায় ভারতের কূটনীতিকরাও।
সম্পাদকদের সঙ্গে ওই আলোচনার লিখিত রূপ ভারতীয় প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশও হয়। তবে বিতর্ক ওঠার পর বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিয়ে আলোচনার 'সংশোধিত' রূপ নতুন করে ওয়েবসাইটে দেওয়া হয়।
মনমোহনের ওই মন্তব্যের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলে মনমোহন সিং বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্যের বিষয়টি ব্যাখ্যা করবেন।
এর পরদিনই টেলিফোনে হাসিনার সঙ্গে কথা বলেন মনমোহন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৬৫৬ ঘ.
bdnews24