২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের বিক্ষোভে মিরপুর সড়ক বন্ধ

ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভের কারণে মিরপুর সড়কে গাড়ি চলাচল শনিবার পৌনে এক ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভের কারণে মিরপুর সড়কে গাড়ি চলাচল শনিবার পৌনে এক ঘণ্টা বন্ধ ছিলো। এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে সকাল ১১টার দিকে ছাত্ররা স্কুলের সামনে ওই সড়কে নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল নিয়ে মানিকমিয়া এভিনিউর পশ্চিম মাথা ঘুরে আবার স্কুলের সামনের রাস্তায় অবস্থান নেয়। পরে শিক্ষকরা তাদের বুঝিয়ে-শুনিয়ে বিদ্যালয়ে ফেরত নিলে পৌনে ১২টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মদন মোহন দাস মহানবী (স.) এর ১৪ বিয়ে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য রেখেছেন। এর প্রতিবিধান দাবিতে ছাত্রদের বিক্ষোভে কয়েকজন অভিভাবককেও অংশ নিতে দেখা যায়। তারা ওই শিক্ষকের কক্ষের নাম ফলকও ভেঙে ফেলে। নাজমা আক্তার নামে এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষক মদন মোহন ছাত্রদের মারধর করে এবং অভিভাবকদের সঙ্গেও খারাপ আচরণ করে। নবম শ্রেণীর ছাত্র শাফায়েত আহমেদ বলেন, "কোন কারণ ছাড়াই এই শিক্ষক মাঝে মধ্যে মুসলমান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইসলাম নিয়ে কটুক্তি করেন।" ছাত্রদের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য করার বিষয়টি শিক্ষক মদন মোহন আমার কাছে স্বীকার করেছেন। তিনি (মোদন মোহন) দাবি করেছেন কথাচ্ছলে ওই কথা বলেছেন। গুরুত্ব দিয়ে বলেননি।" বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে জানিয়ে রওশন আরা বলেন, তাদের সিদ্ধান্ত আসার পরই এ বাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্কুলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/আরএ/১৬৪৩ ঘ.