২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে আসছেন চিদাম্বরম

পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার পর ঢাকা সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগে এ দুই মন্ত্রীর সফর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 05:05 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার পর ঢাকা সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগে এ দুই মন্ত্রীর সফর হচ্ছে। ২৪ ঘণ্টার সফরে শুক্রবার রাতে চিদাম্বরম ঢাকায় নামবেন বলে ভারতীয় হাইকমিশন জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আমন্ত্রণে সফরে আসা চিদাম্বরম বাংলাদেশ-ভারতের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও দেখা করবেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গৃহীত যৌথ ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা চলতি মাসের প্রথম সপ্তাহে তিন দিনের সফরে বাংলাদেশ আসেন। গত মাসে সফর করেন তৎকালীন পররাষ্ট্র সচিব নিরুপমা রাও। এছাড়া চলতি সপ্তাহে অটিজম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসেন ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন তার পূত্রবধূ সোনিয়া। সোনিয়ার স্বামী রাজিব গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আগামী ৬-৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে আসার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১০৫০ ঘ.