২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারী বনে বস্তাভর্তি রাইফেলের গুলি

গাজীপুরের কালিয়াকৈরে বনের ভেতর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ রাইফেলের গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

গাজীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে বনের ভেতর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ রাইফেলের গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। র‌্যাব জানায়, উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে ২০ কেজি বিস্ফোরক, বিপুল পরিমাণ রাইফেলের তাজা গুলি ও বোমা তৈরির উপকরণ। কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকার একটি গজারী বনের ভেতরে মাটির নিচ থেকে বৃহস্পতিবার ভোরে ওই গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। র‌্যাবের উপপরিচালক মেজর নিশাদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল আলমের নেতৃত্বে ডগ স্কোয়াড নিয়ে বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওই বনে অভিযান চালানো হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি স্থানে মাটির নিচে লুকানো অবস্থায় পাঁচটি বস্তায় প্রায় ১৩ হাজার রাউন্ড গুলি (রাইফেল, এসএমজিতে ব্যবহার হয়) ও একটি ট্রাঙ্ক বিস্ফোরক উদ্ধার করা হয়। বস্তাগুলোতে ৫০টি প্যাকেটে ১৩ হাজার ৫৮২ রাউন্ড গুলি এবং ট্রাঙ্ক হতে প্যাকেটে ভরা ১৩ কেজি বিস্ফোরক, ১০টি ডেটোনেটর, ১৩৫ ফিট রেকডেক্স, ১৭টি আইসি ও ১২টি ব্যাটারি কানেক্টর পাওয়া যায় বলে র‌্যাব জানায়। মেজর নিশাদুল বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামে গজারী বনে দুই সপ্তাহ ধরের পর্যবেক্ষণ চালানো হয়। গোলাবারুদ থাকতে পারে এমন কয়েকটি স্থান চিহ্নিত করে বুধবার বিকাল থেকে অনুসন্ধান শুরু হয়।" প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কিউএইচ/এমআই/২১১০ ঘ.