শেরপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি ও খুনের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন উপজেলার সূর্যদী এলাকার জিয়াউদ্দিন, বিদ্যুৎ মিয়া, আব্দুস ছামাদ, জঙ্গলদী এলাকার আব্দুল কুদ্দুছ, মোশারফ হোসেন ড্রাইভার এবং জামালপুর ফকির পাড়ার মুকুল মিয়া।
এদের মধ্যে আব্দুল কুদ্দুছ ছাড়া বাকি সবাই পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১০ জুলাই সূর্যদী বাজারে সোনালী ব্যাংক শাখায় অডিট চলাকালে রাতে ২০-২৫ জন ডাকাত গেট ভেঙে ভেতরে ঢুকে প্রায় সাত হাজার টাকার মালামাল লুট করে। তারা আলমারি ও লোহার সিন্দুক ভাঙে। স্ট্রংরুম ভাঙারও চেষ্টা করে।
পরে লোকজন এগিয়ে এলে তারা গুলি ছোঁড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত দুলাল মিয়া ওরফে দোলন (৩৭) নামে একজন পরে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২২৮ ঘ.
bdnews24