ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাত পৌনে ৯টার দিকে প্রধানমন্ত্রীর ইফতারের আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশান কার্যালয়ে পৌঁছে দেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদ মৃনাল কান্তি দাস।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
আগামী ৬ অগাস্ট প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে খালেদা আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র গ্রহণ করেন শামীমুর রহমান। এ সময় চেয়ারপার্সনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণপত্র পাঠান খালেদা জিয়া।
আগামী ৪ অগাস্ট রাজনীতিবিদদের সম্মানে বিএনপির এ ইফতার পার্টি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
খালেদা-হাসিনা সর্বশেষ ২০১০ সালে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪১ ঘ.
bdnews24