২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকাকে হয়রানির প্রতিবাদে কলেজে ধর্মঘট

নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে হাজী মুহসিন কলেজের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

খুলনা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে হাজী মুহসিন কলেজের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন শিক্ষকরা। মঙ্গলবার কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ইমরান সবুজ (২১) ওই শিক্ষিকার প্রতি অশালীন মন্তব্য করে। বুধবার শিক্ষকরা এক সভা করে সিদ্ধান্ত নেন সবুজকে কলেজ থেকে বহিষ্কার না করা পর্যন্ত তারা ক্লাস করবেন না। কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ জানান, বুধবার দুুপুরে কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনাটি তদন্তে কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন মন্ডলকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবস শেষে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, সভায় শিক্ষকরা জানিয়ে দিয়েছেন সবুজকে কলেজ থেকে বহিষ্কার না করলে তারা ক্লাস নেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন। এছাড়া যৌন হয়রানির অভিযোগে খালিশপুর থানায় অধ্যক্ষ আব্দুর রউফ একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। খালিশপুর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ জানান, ইমরান সবুজ ওই শিক্ষিকাকে প্রকাশ্যে অশালীন মন্তব্য করলে সঙ্গে সঙ্গে বিষয়টি শিক্ষিকা কলেজ কর্তৃপক্ষকে জানান। এ ব্যাপারে অধ্যক্ষ একটি জিডি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.