দিনাজপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ৭৩ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬০ জন।
পাসের হার ৬৬ দশমিক ১৮ শতাংশ, যা গত বছর ছিলো ৬৭ দশমিক ৫৪ শতাংশ।
বুধবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার বেড়ে ৩৯ হাজার ৭৫৯ হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল মজিদ ফল প্রকাশ করে সাংবাদিকদের জানান, এবারের পরীক্ষায় ৩৭ হাজার ৪১০ জন ছাত্র এবং ৩৬ হাজার ১৫৮ জন ছাত্রী অংশগ্রহণ করেন। ছাত্রী পাসের হার ৬৬ দশমিক ৮০ শতাংশ, অন্যদিকে ছাত্র পাসের হার ৬৫ দশমিক ৫৭।
দিনাজপুরের ৪৮৪টি কলেজের মধ্যে ছয়টি কলেজের সব শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন কলেজের সংখ্যা সাতটি।
সেরা কলেজ
দিনাজপুর বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে রংপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। দ্বিতীয় স্থানে রয়েছে নীলফামারী। শীর্ষ ২০টির মধ্যে দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান তিনটি।
দিনাজপুর বোর্ডে সেরা ফলাফল করেছে রংপুর ক্যাডেট কলেজ। এ কলেজের ৫০ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯১৮ জন পরীক্ষার্থীর ৮৬৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮০ জন।
তৃতীয় স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। এ কলেজের ২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।
চতুর্থ থেকে দশম স্থানে থাকা কলেজগুলো হচ্ছে- দিনাজপুর সরকারি কলেজ, নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের পার্বতীপুর সৈয়দ মাহবুব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, নীলফামারীর সৈয়দপুর লায়নস স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ ও ঠাকুরগাঁও সরকারি কলেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯২২ ঘ.
bdnews24