যশোর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। শতকরা ৬৩ দশমিক ৩৭ ভাগ শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়েছে। গত বছর পাসের হার ছিলো ৭২ দশমিক ২৪ ভাগ, যা এ বছরের চেয়ে ৮ দশমিক ৮৭ ভাগ বেশি।
বুধবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার বেড়ে ৩৯ হাজার ৭৫৯ হয়েছে।
যশোর বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আজমল গনি ফল প্রকাশ করে জানান, এবার ৮৬ হাজার ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ১ হাজার ৭৬৪ জন।
বিজ্ঞান বিভাগ থেকে ১০ হাজার ১৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬৭২ জন। মানবিক বিভাগ থেকে ৫৪ হাজার ৭৬৩ জনের মধ্যে ৩০ হাজার ৭৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ হাজার ১৬৬ জনের মধ্যে ১৬ হাজার ১০৭ জন পাস করেছে।
সেরা কলেজ
যশোর বোর্ডে এবার ফলাফলের বিচারে প্রথম স্থান নিয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।
দ্বিতীয় স্থানে থাকা ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুলের ৪১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় স্থান পেয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। এখানে ৭২৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭০১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন।
চতুর্থ স্থানে রয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ। এখানে ৫৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন।
খুলনা এমএম সিটি কলেজ পঞ্চম স্থানে রয়েছে। এখানে ৯৮৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯১৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০৯।
ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে- কুষ্টিয়া সরকারি কলেজ, যশোর শেখ আকিজ উদ্দিন কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা নেভি স্কুল অ্যান্ড কলেজ ও খুলনা ফুলতলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৫ ঘ.
bdnews24