রাজশাহী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার বেড়েছে। গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।
বুধবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার বেড়ে ৩৯ হাজার ৭৫৯ হয়েছে।
শতকরা ৭৯ দশমিক ০১ ভাগ উত্তীর্ণের হার নিয়ে রাজশাহী বোর্ড এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবার আগে। গতবার এ বোর্ডে পাসের হার ছিলো শতকরা ৭৫ দশমিক ৪৩ ভাগ।
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৯ হাজার ২০৩ জন। তিন বিভাগে ৭৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৩৭৯ জন।
জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৮৮ জন। ৬৩৪টি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭০টি কেন্দ্রে। এ বোর্ডে শতভাগ পাস করেছে, এমন কলেজের সংখ্যা ১৫টি। শূন্য পাস কলেজের সংখ্যা ছয়টি।
গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ৬০২ জন শিক্ষার্থী। শতভাগ পাস করা কলেজের সংখ্যা ছিলো ১২টি।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১১ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৬৫৩ জন অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৫৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২ জন।
মানবিক বিভাগে ৪২ হাজার ৬১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৯০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৫ জন।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ। মেয়েদের ৮১ দশমিক ৭১ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার দিকে থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন ছাত্র এ কৃতিত্ব দেখিয়েছে। জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ২ হাজার ৬৩৯।
সেরা কলেজ
পাসের হার এবং জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা ২০ কলেজের মধ্যে রাজশাহী মহানগরীর পাঁচটি, পাবনার পাঁচটি, বগুড়ার, নটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জে দুটি করে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একটি করে কলেজ রয়েছে।
এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। এখানে ৪৪ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। এখানে ৪৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।
তৃতীয় স্থানে থাকা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পাসের হার শতভাগ। এখানে ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।
চতুর্থ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬১৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন।
পঞ্চম স্থানে থাকা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ১ হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৯৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছ ৬৭০ জন।
সাফল্যের বিচারে ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা কলেজগুলো হলো- বগুড়া সরকারি আযীযুল হক কলেজ, নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ, সিরাজগঞ্জের উল্লাপাড়া সায়েন্স কলেজ, পাবনার আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24