ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবহারের জন্য উন্নত মানের গাড়ি সরবরাহে ডিসিদের দাবি নাকচ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে তাদের দাবি অনুযায়ী অগ্রীম ঋণ এবং দায়িত্ব ভাতা দেওয়ার বিষয় সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ।
সচিবালয়ে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা ও সরকারের মনোভাব তুলে ধরেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, যারা বা যেসব মন্ত্রণালয় উন্নত মানের বা বেশি দামি কিনেছেন, তাদের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিসিদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে আরো গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব। ডিসিদের নিজ জেলার প্রত্যেক উপজেলায় অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে 'স্কুল ফিডিং' শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সচিব।
প্রশাসনের কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ এবং ১০ শতাংশ কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ বিষয়ে সচিব বলেন, পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় আমরা এখন ওই কোটায় কাউকে নিয়োগ দিতে পারছি না। আর আমাদের কর্মকর্তারাও আর বিদেশে যেতে চান না। কারণ তারা মনে করেন, দেশেই তাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ রয়েছে।
সিভিল সার্ভিস আইন প্রসঙ্গে তিনি বলেন, এটির খসড়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে আইনের খসড়া চূড়ান্ত করা হবে। এরপরই আইনের খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৫৩ ঘ.
bdnews24