বাগেরহাট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলাটি দায়ের করেন এক পকেটমার অভিযোগে গ্রেপ্তার এক আসামীর স্ত্রী।
বিচারক মাহফুজা বেগম মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
এছাড়া বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এক মেয়েসহ বাদীকে বিভাগীয় নিরাপত্তা হেফাজত কেন্দ্রে রাখার আদেশ দেন। বিকালেই বাদী ও তার মেয়েকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৬ মার্চ বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে মোটরসাইকেল রাখা নিয়ে বাদীর স্বামীর সঙ্গে এসআই আশরাফ আলীর কথা কাটাকাটি হয়।
এর জের ধরে গোয়েন্দা পুলিশ তার স্বামীকে আটক করে একটি পকেটমারার মামলায় আদালতে হাজির করে কারাগারে পাঠায়।
বাদী অভিযোগে আরো বলেন, স্বামীকে জেল থেকে ছাড়ানোর ব্যাপারে আশরাফ আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করলে তিনি বাসায় যেতে বলেন।
এক পর্যায়ে জুন মাসের ২৩ তারিখ সকালে আশরাফ আলীর বাসায় গেলে একা পেয়ে বাদীকে ধর্ষণ করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত আশরাফ আলী ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য মিথ্যা ধর্ষণের ঘটনা সাজানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ধরনের ঘটনার আশঙ্কায় গত ১৪ জুলাই তিনি বাগেরহাট মডেল থানায় ওই মহিলার (বাদী) বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, "প্রধানমন্ত্রীর জনসভার মাঠে খুলনা থেকে পকেটমার সন্দেহে বাদীর স্বামীসহ কয়েকজনকে আটক করা হয়েছিল। এই ঘটনার জের ধরে উপ-পরিদর্শক আশরাফ আলী আমার কাছে তাকে হয়রানি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24