কুড়িগ্রামে সীমান্ত হাট, মন ভার ক্রেতা-বিক্রেতার
আনুষ্ঠানিক উদ্বোধনের পর কুড়িগ্রামে প্রথম সীমান্ত হাট বসলেও বিক্রয়যোগ্য পণ্যের তালিকা নিয়ে জটিলতায় বিকিকিনি তেমন হয়নি। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ই মন ভারী করেই বাড়ি ফিরেছেন।
কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইরচর সীমান্তের 'জিরো পয়েন্টে' বুধবার বসে সীমান্ত হাট। সকাল সাড়ে ৯টায় দুই দেশের বিক্রেতারা পসরা সাজিয়ে বসেন হাটের জন্য নির্ধারিত কাঁটাতার দিয়ে ঘেরা চার বিঘা জমিতে। সারাদিন টিপ টিপ বৃষ্টির মধ্যেও অনেকেই ভিড় জমান হাটে।
হাট থেকে পছন্দের বাংলাদেশি পণ্য কিনতে না পেরে ভারতের কাস্টমসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সে দেশেরই একাধিক ক্রেতা। আর অন্যদিকে বাংলাদেশিদের ক্ষোভ ছিলো ভারতীয় বিক্রেতার সংখ্যা কম দেখে।
সরেজমিনে রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত হাটে গিয়ে দেখা যায়, বাংলাদেশের নির্ধারিত ২৫ জন বিক্রেতার মধ্যে ২৪ জন পসরা সাজিয়েছেন। অপরদিকে ভারতের বিক্রেতা ছিলো মাত্র সাত জন।
বাংলাদেশের পণ্যগুলোর মধ্যে ছিলো তৈরি পোশাক, প্লাষ্টিক সামগ্রী, কসমেটিকস ও মেলামাইন সামগ্রী। এছাড়াও ছিলো কাঁচা মরিচ ও আখসহ নানা কৃষিপণ্য। ভারতীয়রা আনে লেবু, পেয়ারা, লটকন, পাহাড়ি কাঁঠাল, শিমআলু, পান, সুপারি, সবরী কলা ও পোশাক।
বাংলাদেশের ক্রেতারা বিভিন্ন পণ্যের বিষয়ে আগ্রহী হলেও ভরতীয় বিক্রেতারা জানায়, বিধিনিষেধের কারণে তারা সব ধরনের পণ্য নিয়ে আসতে পারছেন না।
আবার বাংলাদেশের দোকানগুলোতেও ভারতীয়দের বেশ ভিড় দেখা গেলেও সে দেশের শুল্ক কর্মকর্তারা তৈরি পোশাক, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রীসহ কিছু পণ্য কিনতে তার দেশের নাগরিকদের বাধা দেয়।
রিংসিং সাংমা, রাজেন্দ্রনাথ, অপূর্ব, নূর আলম রিপনসহ ভারত থেকে আসা কয়েকজন ক্রেতা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পোশাক তাদের পছন্দ হলেও তা কেনার উপায় নেই।
এ বিষয়ে ভারতের মহেন্দ্রগঞ্জ কাস্টমস অফিসের কর্মকর্তা এসকে সাহা সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী সীমান্ত হাটে স্থানীয় উৎপাদিত পণ্য ছাড়া বিকিকিনি গ্রহণযোগ্য নয়।
গত ২৩ জুলাই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা যৌথভাবে সীমান্ত হাট উদ্বোধন করেন।
হাটে উভয় দেশের ১০টি কৃষিজাত পণ্যসহ ৪৭টি পণ্য কেনাবেচা হওয়ার কথা। দুই দেশের সমঝোতা অনুযায়ী, কৃষিজাত পণ্য, প্রসাধনী সামগ্রী, আসবাবপত্র, মসলা জাতীয় দ্রব্য, ফলমূল ইত্যাদি কেনা-বেচা করা যাবে।
বাংলাদেশের ক্রেতা তৈয়ব আলী আক্ষেপের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাট আছে। কিন্তু কেনার কিছু নেই।"
একই কথা বলেন মাসুদ রহমান, হাফিজুর রহমান ও হাসিনা বেগমও। ভারতীয় ও বাংলাদেশি মুদ্রার মূল্যমান নিয়ে বিক্রেতাদের পর্যাপ্ত ধারণা না থাকার বিড়ম্বনার কথাও তুললেন কয়েকজন।
শাড়িসহ নানা তৈরি পোশাক নিয়ে পসরা সাজানো বাংলাদেশের নারী বিক্রেতা মর্জিনা খাতুন জানান, দুপুর ২টা পর্যন্ত তার কোনো কেনা-বেচা হয়নি।
"ভারতীয় ক্রেতারা পণ্য নেড়ে-চেড়ে দেখে আর আক্ষেপ করে চলে যায়। বেচা-বিক্রি না হইলে পেট চলবে কীভাবে", বলেন তিনি।
বিকালে অনেক বিক্রেতাকে তাদের অবিক্রিত পণ্য নিয়েই ফিরতে দেখা যায়।
বাংলাদেশে হাট কমিটির সভাপতি মইনুল বলেন, "আমাদের বিক্রেতারা নির্ধারিত পণ্য নিয়ে এসেছেন। এ বিষয়ে ভারতীয় হাট কমিটিকে বলা হলে তারা বলেছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এর সমাধান হবে।"
আগামী হাটেই এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও বাংলাদেশ অংশের হাট কমিটির সভাপতি মো. মইনুল হক আনসারী ক্রেতা-বিক্রেতাদের নানা সমস্যার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত সমস্যাগুলো দুই দেশের উচ্চ পর্যায়ে জানানো হবে।
একই কথা বলেন ভারতের আমপাতি মহকুমার সাবডিভিশনাল অফিসার ও ভারতীয় হাট কমিটির সভাপতি অভিষেক বাগতীয়াও।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, এ হাট প্রতি বুধবার বসবে। শীতকালে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাটে কেনা-বেচা চলবে।
তিনি জানান, প্রতি হাটে মালামাল বিক্রেতা থাকবে বাংলাদেশের ২৫ জন এবং ভারতের ২৫ জন। হাটে ক্রেতার সংখ্যাও নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে উভয় দেশের ৩০০ জন করে ৬০০ জন হাটে ঢুকতে পারবে। কোনো ব্যক্তি ৫০ ইউএস ডলার বা ৩ হাজার টাকার সমপরিমাণের বেশি পণ্য ক্রয় করতে পারবেন না।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরের সময় সীমান্তে হাট চালুর বিষয়ে মতৈক্য হয়। পরে এ নিয়ে সমঝোতা স্মারক সই হয়। বলা হচ্ছে, সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা হবে।
সমঝোতা অনুযায়ী, প্রাথমিকভাবে দুটি সীমান্ত হাট চালু হবে। বালিয়ামারী-কালাইরচর সীমান্ত ছাড়াও সুনামগঞ্জের লাউঘর ও পূর্ব খাসিয়া পাহাড়ের বালাট সীমান্তে আরেকটি হাট চালু হবে। এরপর ধাপে ধাপে হাট চালু হবে আরো কয়েকটি সীমান্তে।
