বগুড়া, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামে অন্তত ২৫ জন অ্যানথ্যাক্স রোগে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
বুধবার সকালে আক্রান্তদের মধ্যে ছকুমদ্দিন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
বাকি অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আব্দুর রাজ্জাক বলেন, নাটাবাড়ী গ্রামের মহিলাসহ ২৫ হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের শরীরে ফোসকা দেখা যায় এবং জ্বর ছিল। অবস্থা দেখে মনে হয়েছে তারা অ্যানথাক্স আক্রান্ত হয়েছে।
ধুনট উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ারুল কবির জানান, মঙ্গলবার গ্রামে একটি গরু অসুস্থ হয়ে পড়লে লোকজন কম মূল্যে কিনে জবাই করে এবং মাংস ভাগবাটোয়ারা করে নেয়। ওই মাংস খাওয়ার পর ছকুমদ্দিনও অসুস্থ হয়ে পড়েন।
বুধবার সকালে ধুনট হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, গ্রামের যারা ওই গরুর মাংস খেয়েছিল তাদের রক্ত এবং মৃত ছকুমদ্দিনের পাকস্থলীর নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও জয়পুরহাট প্রাণিরোগ গবেষণা কেন্দ্র থেকে বিশেষজ্ঞ দল তদন্তের জন্য ঘটনাস্থলে এসেছে বলেও তিনি জানান।
নাটাবাড়ী গ্রামের জহুরুল ইসলাম জানান, অন্যান্যের মধ্যে অসুস্থ মনোয়ারা বেগম, জোবেদা বেগম, শেফালী বেগম, হাবিবা, ছামছুল, মঞ্জু ও আকবর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৪ ঘ.
bdnews24