নোয়াখালী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় জন নিহত হয়েছে। গণপিটুনির আগে সন্দেহভাজন ওই ডাকাত দলের হামলায় মারা যায় এক জন।
বুধবার ভোররাতে চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আহ্বান সত্ত্বেও গণপিটুনির এ ঘটনা ঘটলো।
গত ১৮ জুলাই রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় যুবক নিহত হয়। পরে জানা যায়, তারা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
কোম্পানীগঞ্জে নিহত ছয় জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা রয়েছে বলে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার আফম নিজাম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন।
নিহত চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আলাউদ্দিন (২৬), পিচ্চি কালাম (২৮), ফারুক (২৭) ও নিগ্রো হেলাল (৩০)।
ডাকাতের গুলিতে স্থানীয় দোকানি মোশারফ হোসেন মাসুদ (২৯) নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরকাঁকড়া ইউনিয়নের রহিম মিয়ার টেক এলাকায় রাত ২টায় দিকে ২৫/৩০ জনের এক দল হানা দেয়। ডাকাতরা বিভিন্ন দলে ভাগ হয়ে আবুল মাস্টারের বাড়িসহ বিভিন্ন বাড়ি ও দোকানে হানা দেয়। মাসুদের দোকানে ঢুকতে বাধা পেয়ে বাধা পেয়ে ডাকাতরা গুলি চালায়। এতে মাসুদ ঘটনাস্থলেই মারা যান।
এরপর গ্রামবাসী নয় 'ডাকাত'কে ঘিরে ফেলে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি রফিক উল্যাহ সাংবাদিকদের বলেন।
তিনি বলেন, "এলাকার লোকজন ডাকাতদের আটকে পুলিশে খবর দেয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই ব্যাপক মারধরে চার ডাকাত মারা যায়।"
আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে পুলিশ। তবে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনার পর সন্দেহভাজন আরো দুই ডাকাত মারা যায়।
নুরুল ইসলাম পলাশ (৩৩), আবদুল্লাহ (২৯) ও নুর মোহাম্মদ রুবেল (২৩) নামে অন্য তিন জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পিচ্চি কালামের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামে, ফারুকের বাড়ি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে, হেলালের বাড়ি বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, আলাউদ্দিনের বাড়ি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এলাকায়।
ওসি বলেন, ডাকাতদের কাছ থেকে ১৪ রাউন্ড গুলির কার্তুজ, দুটি চাকু, একটি রামদা, একটি কিরিচ ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করেছে বলে তিনি জানান। অস্ত্র ও ডাকাতির ঘটনায় দুটি মামলা হয়েছে, যাতে গ্রেপ্তারকৃত তিন জনসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের কয়েকশ লোককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৭ ঘ.
bdnews24