ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের কাছে যার যার এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন প্রশাসকরা। প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা বিভিন্ন বিষয়ে তাদের দিক নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনের প্রথম অধিবেশনে ডিসিরা প্রধানমন্ত্রীর মুখোমুখি হন।
ওই অধিবেশনে 'মামলা করে' উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারীদের 'প্রতিরোধ', জেলা পর্যায়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্কট এবং স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান জেলা প্রশাসকরা।
ডিসিদের পক্ষ থেকে নদী ও খাল খনন কার্যক্রম এবং তথ্য প্রযুক্তির বিস্তারে জেলা পর্যায়ে কম্পিউটার ও ইংরেজি শিক্ষা কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।
প্রধানমন্ত্রী সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যার সমাধানসহ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে বিত্তশালীদের সহায়তা নিয়ে ডিসিদের নিজস্ব উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচি চালুর নির্দেশ দেন।
পরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, বিজ্ঞান এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠক করেন।
শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাখাতের উন্নয়নে তদারকি, নারী শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
শিক্ষা প্রতিষ্ঠানের সহায়ক পাঠ্যসূচি নির্ধারণে এবং দুর্নীতি প্রতিরোধে ডিসিদের ভূমিকা রাখার সুযোগ চাওয়া হয় বলে একাধিক জেলা প্রশাসক জানান।
পরের অধিবেশনে এককভাবে ডিসিদের ব্রিফ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বাজার দর ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন।
এ সময় ডিসিরা কর ও ব্যাংক ঋণ আদায়ে তাদের ক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। ডিসিদের পক্ষ থেকে সমন্বয় ও দায়িত্ব ভাতা দাবি করা হলেও অর্থমন্ত্রী তা নাকচ করে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠকে ডিসিরা বিভিন্ন জেলা কারাগার ও থানা ভবন নির্মাণ ও সংস্কার, বিভিন্ন স্থানে নৌ-ফাঁড়ি ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও সংস্কারের প্রস্তাব করেন। বিভিন্ন জেলায় ক্যাম্পাস ও পর্যটন পুলিশ গঠনেরও প্রস্তাব করেন তারা।
কারাবন্দিদের খাবারের জন্য দৈনিক বরাদ্দ বাড়ানো, বিষাক্ত দ্রব্য ব্যবহারের লাইসেন্স ফি এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করারও প্রস্তাব করেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে সঠিক তালিকা প্রণয়ন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়ার কার্যক্রমে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।
ভূমি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিসিরা বিভিন্ন মন্ত্রণালয়ের ভূমি উন্নয়ন কর পরিশোধে গড়িমসির কথা তুলে ধরেন এবং প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকার গেজেট প্রকাশ, পার্বত্য চট্টগ্রামের পর্যটন উন্নয়নে ভূমি বন্দোবস্তের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জলমহাল ব্যবস্থাপনা আইন প্রণয়নের পরামর্শ দেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে বলে তাদের আশ্বাস দেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
তিনি বলেন, ডিসিদের জনকল্যাণে ও জনস্বার্থে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মতো জলমহাল ব্যবস্থাপনার জন্যও আইন করা হচ্ছে জানান তিনি।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, কুয়াকাটায় সার্কিট হাউজ স্থাপন, ডিসিদের বাংলো সংস্কার, ডিসি অফিসগুলোতে নতুন রেকর্ড কক্ষ স্থাপন, বিভিন্ন সার্কিট হাউজ সংস্কার ও স
bdnews24