ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাম জারি নিয়ে জটিলতা কমাতে জমির প্রকৃত মালিকদের নাম জারির বিষয়টি জেলা প্রশাসকদের ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।
মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মামলা মোকদ্দমা না থাকলে ৪৫ দিনের মধ্যে নাম জারির বিষয়টি সম্পন্ন করতে হবে।
সভায় জেলা প্রশাসকরা ভূমি অফিস সংষ্কার ও লোকবল নিয়োগের সুপারিশ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারী জমির অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, উচ্ছেদের কাজ চলছে।
প্রকৃত ভূমিহীনরা যাতে খাস জমি পায় সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ভূমিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/পিডি/২৩২২ ঘ.
bdnews24