ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই মামলা প্রত্যাহারে এক মানবাধিকারকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক শাহানূর ইসলাম সৈকত তাকে হুমকির অভিযোগে শনিবার ঢাকার মোহাম্মদপুর থানায় জিডি করেছেন।
এতে বলা হয়, ঠাকুর গাঁও জেলার গড়েয়া ইউনিয়নের যুবলীগ নেতা হামিদুর ইসলামসহ অন্যান্যরা তাকে পেশাগত দায়িত্ব পালনের সময় একটি ঘটনার তথ্যানুসন্ধানের জের ধরে গত ৯ জানুয়ারি মারধর করে। গড়েয়া ইউনিয়নের ঝারভাঙ্গা গ্রামে সেদিন তারা মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকাও ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় সৈকতের করা মামলায় গত ৪ ফেব্র"য়ারি হামিদুর গ্রেপ্তার হন।
গত ১৩ জুলাই ঠাকুরগাঁওয়ের আদালত থেকে জামিন নিয়ে গত শনিবার শাহানূরকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে হামিদুরের মোবাইলে ফোন করা হলে ফোন ধরেন গোলাবুল ইসলাম নামে এক ব্যক্তি।
তিনি নিজেকে হামিদুরের আত্মীয় পরিচয় দিয়ে হুমকির বিষয় অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২৩০৭ ঘ.
bdnews24