বাগেরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলা থেকে হাতের আঙুল ও কান কাটা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাগমারা গ্রামের একটি খালে এই লাশ পাওয়া যায়।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ব্যক্তির পরনে নীল হাফ প্যান্ট ও ধূসর রংয়ের শার্ট রয়েছে। মুখে আছে কাঁচাপাকা দাঁড়ি। গায়ের রং শ্যামলা।
ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তার ডান কানের একটি অংশ এবং ডান হাতের মধ্যম আঙ্গুলের অর্ধেক কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24