নাটোর/মাদারীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে একটি কালী মন্দিরে সোমবার রাতে চুরি হয়েছে। একই রাতে মাদারীপুরে আরেকটি কালী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সদর উপজেলার রায় আমহাটি কালী মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে মন্দির কমিটির সভাপতি কাঞ্চন সরকার মন্দিরে গিয়ে বিষয়টি জানতে পারেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাঞ্চন সরকার বাদী হয়ে এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মাদারীপুরের শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সোমবার রাতে সন্ন্যাসীরচরের দৌলতপুর গ্রামে কুমুদ মণ্ডলের শত বছরের পুরনো কালী মন্দিরে দুর্বৃত্তরা হানা দেয়।
তারা রক্ষাকালী, মহাদেব ও শীতলার প্রতিমা ভাংচুর করে পাশের ডোবায় ফেলে দেয়।
মন্দিরের সেবায়েত কুমুদ মণ্ডল মঙ্গলবার মন্দিরে গিয়ে বিষয়টি জানার পর পুলিশকে খবর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০০ ঘ.
bdnews24