নাটোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলায় এক গৃহবধূ হত্যা মামলার আসামি তার দেবরকে পরিবারের লোকজন আটক করে পুলিশে দিয়েছে।
মঙ্গলবার সকালে সুমন আলী (২০) নামের ওই আসামিকে তারই ভাইবোনেরা পুলিশের হাতে তুলে দেয়।
সুমন তার ভাইয়ের স্ত্রী নাদিরা বেগম (২২) হত্যা মামলার প্রধান আসামি। অপর আসামি হলেন নাদিরা বেগমের শাশুড়ি শামসুন্নাহার বেগম।
গত ২২ জুলাই রাতে কসবাপীরগঞ্জ গ্রামের নাদিরা বেগমকে হাত-পা বেঁধে পুড়িয়ে মারার অভিযোগে মামলা করেন তার স্বমী ইসমাইল হোসেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সকালে সুমন তার বোন শালকি বেগমের বাড়ি বেড়াতে যান। সেখানে সুমনের ভাই ও বোনেরা তাকে আটক করে ইসমাইলের (নাদিরার স্বামী) বাড়িতে নিয়ে যান।
সেখানে তাকে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
গত ২২ জুলাই রাতে নাদিরা বেগম অগ্নিদগ্ধ হন। পরদিন ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২১ ঘ.
bdnews24