চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম-দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ভবন ঘেরাও করেছে শ্রমিক লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১২টার দিকে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বখতেয়ার উদ্দিন খানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
চউক চেয়ারম্যান নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে চেয়ারম্যান ছালাম কার্যালয়ে ছিলেন না। সমাবেশ চলাকালে ফটকের ভেতরের অংশে ছালামের সমর্থিত সিডিএ'র শ্রমিক- কর্মচারীরাও অবস্থান নেয়।
ভবনের ভেতরে বাইরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে ফটক বন্ধ করে দেয়।
সমাবেশ চলাকালে উভয় পক্ষই পরস্পরকে লক্ষ্য করে শ্লোগান দেয় ও জুতা প্রদর্শন করে। এসময় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
উল্লেখ্য, চউক চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে কর্মচারী-শ্রমিকরা মঙ্গলবার বিকালে এক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করে।
ঘেরাও কর্মসূচি শেষে আয়োজিত সমাবশে শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান বলেন, চউক চেয়ারম্যান আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছেন। উন্নয়নের কথা বলে আসলে তিনি দুর্নীতি করছেন।
আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘেরাও কর্মসূচির কারণে দাপ্তরিক কার্যক্রমে কোন ক্ষতি হয়নি। যারা এসব করছে তারা নিজের স্বার্থে দলের নাম ব্যবহার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮০৭ ঘ.
bdnews24