২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি সম্মেলন মঙ্গলবার শুরু

ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে ৩২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে ৩২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় তার কার্যালয়ের শাপলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই স্থানে জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। সম্মেলনের কার্যসূচিতে বলা হয়েছে, মধ্যাহ্নভোজ শেষে সম্মেলনের পরবর্তী অধিবেশনগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বুধবার মন্ত্রী পর্যায়ের প্রথম অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় হবে। এরপর পর্যায়ক্রমে অর্থ মন্ত্রণালয়; স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ভূমি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; পরিকল্পনা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তাদের ব্রিফ করবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। দ্বিতীয় দিনের অধিবেশনে পর্যায়ক্রমে যোগাযোগ মন্ত্রণালয়; বাণিজ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়; কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত বিষয়ে ব্রিফ করা হবে। এদিন অধিবেশন শুরু হবে সকাল ৯টায়। রাত পৌনে ৯টায় দিনের অধিবেশন শেষ হবে। দুপুরে ডিসিরা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করবেন এবং তার দিক-নির্দেশনা নেবেন। ২৮ জুলাই অর্থাৎ, তৃতীয় দিনের অধিবেশনও শুরু হবে সকাল ৯টায়। বিকেল সাড়ে ৫টায় তা শেষ হবে। এদিন পর্যায়ক্রমে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; পানিসম্পদ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পকির্ত বিষয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্টরা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা এতে ডিসিদের ব্রিফ করবেন। বিকেল সাড়ে ৫টায় মন্ত্রিপরিষদ সচিবের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটবে। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ জানান, ২০১০ সালের ২৬ থেকে ২৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলনে (ডিসি) নেওয়া ২৮৯টি সিদ্ধান্তের মধ্যে মাত্র ১২৭টি সিদ্ধান্ত দ্রততার সঙ্গে বাস্তবায়ন সম্ভব হয়েছে। বাকি ১৬২টি সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। এবারের সম্মেলনের বিস্তারিত কার্যসূচিও সেদিন সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২০৫০ ঘ.