চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার বিকালে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহার আদালতে শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়।
শুনানিতে আট আসামির সবাই উপস্থিত ছিলেন।
অভিযুক্তরা হলেন- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামিম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টি সভাপতি শেখ শওকত হোসেন নিলু ও ন্যাপ (ভাসানী) সভাপতি আনোয়ারুল হক।
এদের মধ্যে শিবিরের সাবেক সভাপতি রেজাউল এ মামলায় কারাগারে আটক থাকলেও বাকিরা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত শুনানি শেষে দণ্ডবিধির ৫০৪, ৫০৫ (ক) ও ৫০৬ ধারায় অভিযোগ গঠন করেছেন।
আগামী ১৪ নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে বলেও জানান তিনি।
গত বছরের ১০ অক্টোবর রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি রেজাউল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বলেন- "আপনি ক্ষমতা ছাড়ুন, আপনার জন্য পিলখানা হত্যাকাণ্ড অপেক্ষা করে আছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল আপনি বুঝবেন। এক মাঘে শীত যায় না। বিশেষ ট্রাইব্যুনালে আপনার বিচার করা হবে।"
এ ঘটনায় ২ নভেম্বর চট্টগ্রামের একটি বিচারিক হাকিম আদালতে মানহানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ওই আটজনকে আসামি করে মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩৫ ঘ.
bdnews24