কুড়িগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে।
বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনঘণ্টার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী বৈঠক শেষে জানান, তাদের পাঁচ দফা দাবি নিয়ে ফলপ্রসু আলোচনা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
কুড়িগ্রাম পৌর মেয়র নূর ইসলাম নুরু জানান, সরকারি নীতিমালা মেনে টোল আদায় করা হচ্ছে। সমঝোতা বৈঠকে বড় বাস প্রতি ৫০ টাকার স্থলে ৩০ টাকা, মিনিবাস ৫০ টাকার স্থলে ২৫ টাকা টোল নেওয়া হবে। গরু বহনকারী ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে৫০ টাকা।
এছাড়া ট্রাকের টোল চালকের পরিবর্তে পণ্যের মালিকের কাছ থেকে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পৌর কর্তৃপক্ষ, জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা।
কুড়িগ্রাম ও নাগেশ্বরী পৌরসভার অবৈধ টোল আদায় বন্ধ, ব্যাটারি টালিত অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল পরিবহন মালিক-শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24