ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুবককে নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি), বন্দর থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তাদেরকে ৩ অগাস্ট আদালতে হাজির হয়ে ওই ঘটনার কারণ ব্যাখ্যা করতে বলেছে।
ঘটনাস্থল মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানকেও তাদের সঙ্গে তলব করা হয়েছে।
নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের এসপি, বন্দর থানার ওসি ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর জবাব দিতে দুই সপ্তাহ সময় পেয়েছেন।
গত ২০ জুলাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত 'প্রেম করে বিয়ে করায় সালিশদাররা যা করলেন...' শিরোনামের একটি সংবাদকে ভিত্তি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি করে।
ওই প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দের মহাত্মা গান্ধী মন্দিরের পূজারী রমেশ চক্রবর্তীর ছেলে বাবু চক্রবর্তীর সঙ্গে মুছাপুর ইউনিয়নের ব্রজেন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। তিন বছর আগে তারা বিয়ে করে। এ বিয়ে মেনে না নিয়ে ব্রজেন্দ্র দাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছে বিচার দেন।
গত শনিবার সালিশ বসিয়ে চেয়ারম্যান বাবুকে বেধড়ক পেটায় এবং তার জননাঙ্গে ইট বেঁধে দুই কিলোমিটার হাঁটতে বাধ্য করে।
প্রতিবেদনে আরো বলা হয়, ঘটনাটি সাংবাদিকদের জানানোয় তার ভাই সুকুমার ও বিমলকে মারধর করে চেয়ারম্যানের লোকজন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24