ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে আলোচনার পর বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দলীয় অবস্থান পরিষ্কার করবেন তিনি।
শনিবার খালেদার সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন কাদের সিদ্দিকী।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে খালেদার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "পঞ্চদশ সংশোধনীর পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিরোধীদলীয় নেতার উদ্যোগ রাষ্ট্রনায়কোচিত। আমি তাকে সাধুবাদ জানিয়েছি। খোলামেলা আলোচনা হয়েছে।"
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তিনি বলেন, "আমি একজন মুক্তিযোদ্ধা। ওই যুদ্ধে বিরোধিতাকারী একটি দল যারা এখনো ক্ষমা চায়নি, তারা বিএনপির নেতৃত্বে জোটে রয়েছে। তাদের সঙ্গে কাজ করতে আমার অসুবিধা আছে- এটা আমি ম্যাডামকে বিবেচনা করতে বলেছি।"
শনিবার রাতে গুলশান-২ এ ৭৯ সড়কের ১ নং বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের বৈঠক হয়। সন্ধ্যা ৬টা থেকে এই বৈঠক দেড় ঘণ্টা চলে। বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীও ছিলেন।
বৈঠকের শুরুতে নাসরিন কাদের সিদ্দিকী বিরোধীদলীয় নেতাকে দলের গামছা গলায় পরিয়ে দেন।
সাত সদস্যের প্রতিনিধি দলে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা কামালউদ্দিন আহমেদ, ইকবাল সিদ্দিকী ও ফরিদ আহমেদ ছিলেন।
খালেদা জিয়ার বাসভবনে পৌঁছালে কাদের সিদ্দিকীকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে খালেদা জিয়ার নির্দেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল ১২ জুলাই বারিধারায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ১৯ জুলাই মোহাম্মদপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং পরদিন ২০ জুলাই মহাখালীর ডিওএইচএস-এ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদের বাসায় গিয়ে বৈঠক করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি না করার নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পিতা' অভিহিত করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, "বঙ্গবন্ধু আমার পিতা। আমাদের নেতা। তাকে বাদ দিয়ে এই জগতে আমি কোনো কিছুই চাই না। এটা আমি বেগম জিয়াকে বলেছি।"
বিএনপির অনেক কর্মী বঙ্গবন্ধুকে না বুঝে গালাগাল করেন- এ মন্তব্য করে কাদের বলেন, "আমার বন্ধু জিয়াউর রহমানের কাছ থেকে আমি কখনো বঙ্গবন্ধুকে কটূক্তি করতে শুনিনি। বিরোধী দলীয় নেতাকে আমি কখনো বঙ্গবন্ধুকে কটূক্তি করতে দেখিনি। আমি তার কাছে নিবেদন করে এসেছি- ব্যক্তি পর্যায়ে যেন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা না হয়।"
কাদের সিদ্দিকী বলেন, "আমি ১৯৭২ সালে খালেদা জিয়ার পাসপোর্ট দেখেছি- তার জন্ম ১৫ অগাস্ট। কিন্তু ওই দিন আমার পিতাকে হত্যা করা হয়েছিলো। তাই ওই দিন যাতে আমরা কেউ আহত না হই সেদিকটা বিবেচনা করতে বলেছি।"
"তার অনুভূতি শুনে আমি অভিভূত হয়েছি।"
'
মন্ত্রীত্ব আমার কাছে বড় নয়'
একসময়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাদের সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "বঙ্গবন্ধু কমপক্ষে ১০ বার আমাকে মন্ত্রী করতে চেয়েছিলেন। মন্ত্রিত্ব আমার কাছে বড় উপহার নয়। এর থেকে গামছাই আমরা কাছে অনেক বড়। তাই মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে আমাকে আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।"
খালেদা জিয়ার অভিজ্ঞতার প্রশংসা
কাদের সিদ্দিকী বলেন, "বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে আমি আশ্বস্ত হয়েছি, তার অভিজ্ঞতার ভাণ্ডার অনেক সমৃদ্ধ। তিনি আমার কথা শুনেছেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার গভীর জ্ঞান আমাকে অভিভূত করেছে।"
"তার সঙ্গে আলোচনা করে মনে হয়েছে, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না," যোগ করেন কাদের সিদ্দিকী।
'
পঞ্চদশ সংশোধনী গ্রহণযোগ্য নয়'
সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের রাজনীতি পাল্টে দিয়েছে বলে মন্তব্য করেন কৃষক শ্রমিক লীগের প্রধান কাদের সিদ্দিকী।
তিনি বলেন, "দেশের ৯৫ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল চায় না। আমি আশা করব, সরকার তা অনুধাবন করে আগামী সংসদ অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করবে।"
সংবিধানের ৭(ক) ও (খ) অনুচ্ছেদের সমালোচনা করে তিনি বলেন, "৭(ক) কিছুটা মেনে নিতে পারলেও (খ) মেনে নেওয়া যায় না। সংবিধান নিয়ে আলোচনা করলে রাষ্ট্রদ্রোহ হবে। সেজন্য সংবিধান নিয়ে কথা বলা যাবে না, একে শিকেয় তুলে রাখতে হবে, এটা গ্রহণযোগ্য নয়।''
কাদের সিদ্দিকী বলেন, "আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়া মুসলমান হিসেবে মেনে নিতে পারি না। আল্লাহর ওপর বিশ্বাস মুসলমানদের ঈমান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন্ ইবলিসের পরামর্শে এটা করেছেন, তা বোধগম্য নয়।''
পঞ্চদশ সংশোধনী বাতিল নিয়ে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, "এ বিষয়ে খালেদা জিয়ার উদ্যোগের সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৫৭ ঘ.
bdnews24