সাতক্ষীরা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কে সিটি কলেজের সামনে এই দুর্ঘটনায় নিহত আব্দুল করিম (৬২) সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের প্রয়াত শের আলীর ছেলে।
সদর থানার ওসি রতন শেখ সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল করিম বাড়ি থেকে সাইকেলে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন। সিটি কলেজের সামনে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24