২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস ও অবজ্ঞা তৈরি হয়েছে'

বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের মনে এক ধরণের অবিশ্বাস ও অবজ্ঞা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের মনে এক ধরণের অবিশ্বাস ও অবজ্ঞা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগতভাবে একজন বিচারক ভালো হতে পারেন। একজন প্রশাসক বা পুলিশের কেউও ভালো হতে পারেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে পুরো বিচার ব্যবস্থা কাজ করতে পারছে না। "এসব কারণে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি এক ধরণের অবিশ্বাস ও অবজ্ঞার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে বিচারবর্হিভূত অত্যাচার, নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতি সমাজে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।" "সংশ্লিষ্টদের নিজের কারণে বা কারো হস্তক্ষেপে এমনটা ঘটতে পারে", বলেন তিনি। এতে একদিকে নির্দোষ লোক ফেঁসে যাচ্ছে অন্যদিকে সত্যিকার সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানান অ্যাডভোকেট সুলতানা কামাল। বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে বিচারের নামে ফতোয়াবাজি বা সালিশে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ অন্যান্য সামাজিক শক্তিশালী ব্যক্তিরা নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, "সাধারণ মানুষও সন্দেহের বশে নির্বিকারভাবে মানুষ মেরে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছেন।" গণপিটুনিতে ৮৩ জনের মৃত্যু সংবাদ সম্মেলনে আসকের এক পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৩ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে এক জন, খুলনায় পাঁচ জন, বরিশালে পাঁচ জন, সিলেটে দুই জন এবং রংপুরে দুই জনের মৃত্যু হয়েছে। 'বন্দুকযুদ্ধে' ৩১ জনের মৃত্যুর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের। বন্দুকযুদ্ধে মৃত্যুবরণকারীদের কাউকেই গ্রেপ্তার দেখানো হয়নি বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। যার মধ্যে র‌্যাবের হাতে ১৯ জন, পুলিশের হাতে সাত জন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিন জন এবং র‌্যাব ও কোস্টগার্ডের অভিযানে দুই জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এছাড়াও সালিশ ও ফতোয়ার মাধ্যমে মোট ২১টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আসকের দাবি গণতন্ত্রের চর্চাকে সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক ও মানবাধিকার নিশ্চিত করতে কয়েকটি দাবি ঘোষণা করা হয় আসকের পক্ষ থেকে। যার মধ্যে রয়েছে- কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়- সে ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান এবং ব্যতয় ঘটলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ ও জনপ্রতিনিধিদের দিক নির্দেশনা প্রদান। সালিশের মাধ্যমে শাস্তি প্রদান শাস্তিমূলক অপরাধ- এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে নির্দেশনা প্রদান এবং এ বিষয়ে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/কেএমএস/১৩৫০ ঘ.