২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডার বিস্ফোরণ: আহত দুই জনের মৃত্যু

নগরীর বায়েজীদ এলাকায় গত রোববার রাতে সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ এলাকায় গত রোববার রাতে সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকালে নগরীর খুলশী ওয়ারলেস গেইট এলাকায় সাহাবুদ্দিন (২৮) ও জাহাঙ্গীরের (২৪) জানাজা অনুষ্ঠিত হয়। সাহাবুদ্দিন ওয়ারলেস গেইট এলাকার মো সালাউদ্দিনের ছেলে। সাহাবুদ্দিনের বোনজামাই জাহাঙ্গীর। সাহাবুদ্দিনের ভাই মো আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার ওই দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। শরীরে অধিকাংশ পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো যায়নি বলে ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সাহাবুদ্দিন এবং দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীর মারা যান। গত রোববার শবে বরাতের রাতে দেড়টার দিকে ফটিকছড়িগামী একটি সিএনজি অটোরিকশা নগরীর বায়েজীদ থানাধীন ট্যানারি বটতল এলাকায় পৌঁছালে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অটোরিকশার চালকসহ মোট সাত জন আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০৫৯ ঘ.