সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে পিটিয়ে ছাত্র হত্যার ঘটনায় ডাকাতির মামলার তদন্ত শুরু করতে পারেনি পুলিশ।
এই মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বাদী আব্দুল মালেক নিখোঁজ রয়েছেন। তাই তদন্ত কাজ শুরু করা যাচ্ছে না। অপরদিকে বাদী আব্দুল মালেক বলছেন, তিনি বাড়িতেই আছেন। পুলিশ তাকে ডাকেনি।
সোমবার ভোররাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় কেবলার চরে স্থানীয়দের পিটুনিতে ছয় ছাত্র নিহত হন।
গণপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুর ঘটনায় একটি ডাকাতির মামলা ও একটি হত্যা মামলা হয়েছে। পুলিশের দায়ের করা হত্যা মামলায় পাঁচ থেকে ছয়শ' জনকে আসামি করা হয়েছে। বাদী হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
ডাকাতির মামলায় ছয় ছাত্রসহ ১৫/২০ জনকে আসামি করেছেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। তার দাবি, পিটুনিতে নিহত হওয়ার আগে ওই যুবকরা ছোরা দেখিয়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিলো।
ডাকাতির মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বাদীকে পাওয়া গেলে তদন্ত শুরু হবে।
তিনি বলেন, তদন্তের পরই বোঝা যাবে মামলাটি সত্য না মিথ্যা। তবে বাদী নিখোঁজের ঘটনায় থানায় কোনো জিডি হয়েছে কী-না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
বৃহস্পতিবার দুপুরে ডাকাতির মামলার বাদী আব্দুল মালেকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি আমিনবাজারের বড়দেশী পূর্বপাড়ায় নিজ বাড়িতেই আছি। পুলিশ আমাকে ডাকেনি, তাদের কেউ আমার কাছে আসেনি।
মালেক বলেন, আমার নিখোঁজ হওয়ার প্রশ্নই উঠে না।
এদিকে আমিনবাজারে পিটিয়ে ছাত্র মারার ঘটনা তদন্তে বৃহস্পতিবার চার সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৮ ঘ.
bdnews24