২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং সেন্টার বন্ধের দাবি অধ্যক্ষদের; মন্ত্রী বললেন, এখনি নয়

আইন করে কোচিং সেন্টার বন্ধের দাবি জানিয়েছেন ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষরা। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, এ বিষয়ে জনমত গঠন করে তবেই তা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন করে কোচিং সেন্টার বন্ধের দাবি জানিয়েছেন ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষরা। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, এ বিষয়ে জনমত গঠন করে তবেই তা করতে হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় অধ্যক্ষরা কোচিং সেন্টার বন্ধের দাবি জানান। দাবি শুনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "হঠাৎ করেই কোচিং সেন্টার বন্ধ করা যাবে না। এ ব্যাপারে জনমত গড়ে তুলতে হবে। একটা পর্যায়ে এসে তা বন্ধ করে দেওয়া হবে।" কোচিংকে নৈতিকতাবিরোধী উল্লেখ করে তিনি কোচিং সেন্টারের মালিকদের ব্যবসা গুটিয়ে নেওয়ার পরামর্শ দেন। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা হাবিব বলেন, "আইন করে কোচিং বন্ধ করতে হবে। শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রমে জোর দিতে হবে।" ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী আইনের মাধ্যমে কোচিং বন্ধ করে ক্লাসভিত্তিক পড়াশোনায় গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নামধারী ছাত্রী নির্যাতনকারীদের নৈতিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ক ওই সভায় নাহিদ বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু ঘটনা শুধু অনাকাক্সিক্ষতই নয়, এটা কলঙ্কজনক। অভিভাবক-শিক্ষক ও দেশবাসী এ বিষয়ে উদ্বিগ্ন। এটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এগুলো মেনে নেওয়া হবে না।" "শুধু শাস্তি দিয়ে এ বিষয় নির্মূল করা যাবে না। এজন্য জনমত, সচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে", বলেন তিনি। ছাত্রীরা যেন নিরাপদে শিক্ষা নিতে পারে সে বিষয়ে যা যা করা দরকার তাই করার আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার ব্যবস্থা করতেও অধ্যক্ষদের প্রতি অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। উত্তরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোয়োজ্জেম হোসেন ভূইয়া বলেন, "টিউশনি বন্ধ না করলে শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতনের ঘটনা বন্ধ করা যাবে না। কোচিং-এর সময়ই এ ধরনের ঘটনা বেশি ঘটছে।" শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ থেকে দোকানপাট তুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকানপাট থাকায় সন্ধ্যার পর সেখানে মাদকের আড্ডা বসে। অধ্যক্ষরা শিক্ষকদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের সাইবার ক্যাফেগুলো বন্ধ করা এবং ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কয়েকজন অধ্যক্ষ কোচিং বন্ধ করে বন্ধের দিন অথবা প্রতিষ্ঠান ছুটি শেষে স্কুল-কলেজেই কোচিং ব্যবস্থা চালুর পক্ষে মত দেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরিচালনা পর্যদ এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে কোনো শিক্ষার্থীকে জোর করা চলবে না। মতবিনিময় সভায় ঢাকা মহানগরির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের কতটি শাখা থাকতে পারে সে বিষয়ে ভেবে দেখতে হবে। একাধিক শাখা থাকার কারণে অধ্যক্ষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। সৃজনশীল পদ্ধতি কোচিং ব্যবসা বন্ধ করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নিয়ন্ত্রণ আরো বাড়ানো দরকার বলেও মত দেন তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. নোমানুর রশীদ বলেন, পরিচালনা পর্যদের ওপর সব দায় চাপালে চলবে না। প্রতিষ্ঠান প্রধানদেরই সব বিষয়ের দায়িত্ব নিতে হবে। কোচিং-এর সঙ্গে যে সব শিক্ষক সম্পৃক্ত তাদের তালিকা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "এ বিষয়ে আমাদের জানান আমরা অবশ্যই ব্যবস্থা নেব।" শিক্ষা মন্ত্রণালয়েল সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভা করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের দায়িত্বশীল ও অভিভাবকসুলভ আচরণ করার পরামর্শও দেন তিনি। ভিআইপি কারো জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় না করাতেও বলেন তিনি। অধ্যক্ষদের উদ্দেশে সচিব বলেন, "নিজেরা দুর্বল হলে আপনাদের হাত কাঁপবে। তখন কারো বিরুদ্ধেই আপনারা কিছুই করতে পারবেন না।" সরকারি নির্দেশ অমান্য করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে তা বন্ধের নির্দেশও দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬৩৫ ঘ.