২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পার্বত্য জেলায় অবরোধ চলছে

জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে পাহাড়িদের সংগঠন ইউপিডিএফের ডাকে দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

রাঙামাটি, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে পাহাড়িদের সংগঠন ইউপিডিএফের ডাকে দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন চলছে। পার্বত্য চুক্তিবিরোধী এ সংগঠনটির ৩৬ ঘণ্টার এ কর্মসূচি বুধবার সকাল থেকে শুরু হয়। বান্দরবান জেলায় শুধু একদিন অবরোধ চলে। অবরোধের কারণে রাঙামাটি শহরের বৃহস্পতিবার সকাল থেকে কোনো দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। উপজেলাগুলো থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। সকাল থেকে জেলা শহরে বৃষ্টির মধ্যে অফিস-আদালতগামী মানুষ এবং স্কুলের ছাত্রীছাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। গত ৩০ জুন সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীতেও পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীগুলোকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও তারা আদিবাসী স্বীকৃতি দাবি করে আসছিলো। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা অলকেশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের এ বিষয়ে আপত্তি জানিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। তারা আন্দোলন চালিয়ে যাবেন। অগ্নিনির্বাপক বাহিনী ও বিদ্যুৎ বিভাগের গাড়ি, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র বহনকারী ও সংবাদ সংগ্রহে নিয়োজিত যানবাহন এবং ধর্মীয় গুরুদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৬ ঘ.