২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনিকে আটক গৃহবধূ দেড়মাস পর উদ্ধার

চিকিৎসার টাকা পরিশোধ করতে না পারায় রংপুরের একটি ক্লিনিকে দেড় মাস আটকে থাকা এক গৃবধূকে উদ্ধার করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

রংপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার টাকা পরিশোধ করতে না পারায় রংপুরের একটি ক্লিনিকে দেড় মাস আটকে থাকা এক গৃবধূকে উদ্ধার করেছেন প্রশাসনের কর্মকর্তারা। আটক থাকালে ওই নারীর উপর মানসিক নির্যাতন চালানোর অভিযোগ করেন তিনি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকালে জেলা প্রশাসক বি এম এনামুল হক ও পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীর শহরের মাহীগঞ্জের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল থেকে পারভীন আখতারকে (১৮) উদ্ধার করেন। পারভীন রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট পাঠকশিকর গ্রামের শাহীন আলমের স্ত্রী। পারভীন আখতার সাংবাদিকদের জানান, গত ২৯ মে স্বামী শাহীনের সঙ্গে ঢাকা থেকে এসে রংপুর শহরের মডার্ন মোড়ে বাস থেকে নামার সময় তিনি পা পিছলে পড়ে গিয়ে পেটে আঘাত পান। সন্তানসম্ভবা থাকায় সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার সন্তান নষ্ট হয়ে গেছে। এক সপ্তাহের চিকিৎসায় তিনি সুস্থ হন। হাসপাতাল বিল আসে ৩০ হাজার টাকা। বিল পেয়ে পারভীনের স্বামী শাহীন টাকা সংগ্রহের কথা বলে গিয়ে আর আসেনি। পারভীন আরো বলেন, এরপর থেকেই তাকে ক্লিনিকের একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে তার মা চার হাজার টাকা এনে ক্লিনিক কর্তৃপক্ষকে দিলেও তিনি ছাড়া পাননি। ক্লিনিক কর্তৃপক্ষ তার মোবাইল ফোন সেট কেড়ে নেয় বলেও পারভীন অভিযোগ করেন। পারভীনের স্বামী শাহীন আলম মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা আমার স্ত্রীর উপর মানসিক নির্যাতনও করেছে। হাপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, টাকা বাকি থাকায় মেয়েটিকে এখানে রাখা হয়েছে। এছাড়া মেয়েটির কোনো অভিভাবক আসেনি, স্বামীও পালিয়েছিল। পারভীনের উপর মানসিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাকে হাসপাতালে ভালোভাবে রাখা হয়েছে। রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার সালেহ মো. তানভীর জানান, এ ঘটনায় মেয়েটির জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪১ ঘ.