ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্য পদক দেবে সরকার।
এদের মধ্যে পাঁচ প্রতিষ্ঠানকে স্বর্ণ এবং ১২ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে রৌপ্য পদক দেওয়া হবে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ইতোমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে বলে মৎস্য অধিদপ্তর থেকে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে ১০টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধির হাতে এসব পুরস্কারের অর্থের চেক, পদক ও সনদ তুলে দেবেন।
স্বর্ণপদক পাওয়া প্রতিষ্ঠানগুলোকে পদক ছাড়াও ৫০ হাজার টাকা ও সনদ এবং রৌপ্যপদক পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পদক ছাড়াও ৩০ হাজার টাকা ও সনদ দেওয়া হবে।
মৎস্য চাষ ও মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১১ সালে স্বর্ণপদকের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে কক্সবাজারে কুলিয়ারচর সি ফুড, মাছ উৎপাদনের জন্য যশোরের আফিল একুয়াফিস, মাছের গুণগত মানের রেণু উৎপাদনের জন্য ময়মনসিংহের ঝলক মৎস্য উৎপাদন কেন্দ্র, গলদা চিংড়ির গুণগত মানের পিএল (ছোট পোনা) উৎপাদনের জন্য গোপালগঞ্জের হংফু স্রিম্প ইন্ডাস্ট্রিজ এবং বাগদা চিংড়ির গুণগত মানের ছোট পোনা উৎপাদনের জন্য কক্সবাজারের রেডিয়েন্ট হ্যাচারি স্বর্ণপদক পেয়েছে।
মৎস্য চাষ ও মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১১ সালে রৌপ্য পদকের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মাছের গুণগত মানের রেনু উৎপাদনের জন্য যশোরের নিরিবিলি পল্লী হ্যচারি, পাবনার মাম্মি মৎস্য হ্যাচারি ও বগুড়ার মহালক্ষী মৎস্য খামার ও প্রজনন কেন্দ্র, মাছের গুণগত মানের পোনা উৎপাদনের জন্য ময়মনসিংহের দেশবন্ধু মৎস্য হ্যাচারি ও নার্সারি এবং চট্টগ্রামের কেকে ডেইরি, পোলট্রি ও ফিশারিজ রৌপ্য পদক পেয়েছে।
মাছ উৎপাদনের জন্য ময়মনসিংহের রেমি ফার্মস, কুমিল্লার শামসুদ্দিন কালু, দিনাজপুরের জিই মৎস্য খামার, সিরাজগঞ্জের আলতাফ হোসেন এবং খাগড়াছড়ির মোনাটেক জাদুগানালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতি, বাগদা চিংড়ি উৎপাদনের জন্য খুলনার আকতার হোসেন এবং জাটকা রক্ষা কার্যক্রমের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে প্রাতিষ্ঠানিক অবদান রাখার জন্য চাঁদপুরের জেলা জাটকা রক্ষা টাস্কফোর্স (জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা মৎস্য কর্মকর্তা) রৌপ্য পদক পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৩১ ঘ.
bdnews24