ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতের কারাগারে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আরেক রুলে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয়, তাও জানতে চাওয়া হয়।
মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এক রিট আবেদনে এই দুই রুল দেয়।
ছয় সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পরারাষ্ট্র সচিবকে উভয় রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ভারতের বিভিন্ন কারাগারে আটক এসব বন্দির তথ্য সম্বলিত প্রতিবেদন একই সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।
ভারতের কারাগারে আটক বন্দিদের ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র গত বৃহস্পতিবার রিটটি দায়ের করে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুর রশিদ ও অবন্তী নূরুল মামলা পরিচালনা করেন।
এ ব্যপারে অবন্তী নূরুল সাংবাদিকদের বলেন, "বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত খবরে দেখা যায়, দুই শতাধিক বাংলাদেশি ভারতের বিভিন্ন কারাগারে আটক আছেন। তাদের অধিকাংশেরই সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারা দেশে ফিরতে পারছেন না। এ ব্যাপারে কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলা দেখা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০০২ ঘ.
bdnews24