ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে যুবক নিহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাগুফতা গ্রপের চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই রুল জারি করে।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারে গত ১৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনলে এই রুল জারি করা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ওই কোর্টের সরকারি আইন কর্মকর্তা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
হাবিবুর রহমান মুন্না (১৮) নামে এক শিক্ষার্থীর ওপর গত ১৬ জুলাই পান্থপথের নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার ছাদ থেকে ইট পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তেজগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুন্না ওখানকার এক হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফিরছিলেন।
সাগুফতা ডি খান নামে ওই ভবনটি সাগুফতা গ্রুপের একটি প্রকল্প।
মুন্না চলতি বছর রাজধানীর তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জে।
এ ঘটনায় ওইদিন ওই ভবনের পাঁচ জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24