২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পিটুনির ঘটনায় দুটি মামলা

সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় যুবকের মৃত্যুর ঘটনায় একটি ডাকাতির মামলা এবং একটি হত্যামামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

সাভার, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় যুবকের মৃত্যুর ঘটনায় একটি ডাকাতির মামলা এবং একটি হত্যামামলা হয়েছে। পুলিশের দায়ের করা হত্যা মামলায় পাঁচ থেকে ছয়শ' জনকে আসামি করা হয়েছে। ডাকাতির অভিযোগ এনে অপর মামলাটি করেছেন স্থানীয় এক বালু ব্যবসায়ী। সোমবার ভোররাতে আমিনবাজারের বড়দেশী এলাকার কেবলার চরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ওই ছয় যুবকের মৃত্যু হয়। পরে জানা যায়, নিহত পাঁচ জনই ছাত্র। সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় পাঁচ থেকে ছয়শ' জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আব্দুল মালেক নামে স্থানীয় এক বালু ব্যবসায়ী ডাকাতির মামলা করেছেন বলে জানান তিনি। আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, পিটুনিতে নিহত হওয়ার আগে ওই যুবকরা ছোরা দেখিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রতিদিনই ওই যুবকরা ওই এলাকায় ডাকাতি ও ছিনতাই করতো বলেও দাবি করেন তিনি। আলাউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ। প্রতিদিন ট্রলারে করে ডাকাত দল এসে ডাকাতি করছে। ঘটনার সময়ও ঘাটে একটি ট্রলার থেমে থাকতে দেখেছি। এলাকাবাসী এগিয়ে গেলে সেটি দ্রুত ঘাট থেকে সটকে পড়ে।" এদিকে পিটুনিতে বেঁচে যাওয়া একমাত্র যুবক আল-আমিন দুপুরে দ্বিতীয় দফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, "আমরা রিকশা থেকে নেমে হাঁটতে হাঁটতে ওই স্থানে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই অনেকগুলো টর্চের আলো দেখতে পাই। প্রথমে মনে হয়েছিলো ট্রাক আসছে। পরে দেখি অনেক মানুষ এক সঙ্গে আমাদের দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো মারধর। "এক পর্যায়ে আমি এক মুরুব্বির পায়ে ধরে বলি- আমরা ডাকাত না, ঘুরতে এসেছি। তবে ওই মরুব্বি নির্দয়ভাবেই আমাকে মারতে থাকেন। এরপর আমি আরেক মুরুব্বির পায়ে ধরে বলি- চাচা আমাকে বাঁচান। ওই চাচার হাত থেকে রেহাই না পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক দারোগার পায়ে ধরি। তখন দারোগাকে বলতে শুনি- আপনারা সবাইকে মেরে ফেললে তো সমস্যা হয়ে যাবে। এক জনকে বাঁচিয়ে রাখেন।" পুলিশের ওই কথায়ই মূলত তিনি বেঁচে গেছেন বলে জানান আল-আমিন। পুলিশের সামনে আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সাভার মডেল থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে দূরে অন্য একটি অভিযানে ছিলো। ঘটনার শেষ পর্যায়ে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে। এলাকাবাসীর উত্তেজনার কারণে আমাদের কিছু করার উপায় ছিলো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/প্রতিনিধি/এএল/এমআই/১৬৫০ ঘ.