২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যার তথ্যে সংশোধন ইউএনএফপিএ'র

ছয় মাসের ব্যবধানে বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক তথ্য সংশোধন করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাসের ব্যবধানে বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক তথ্য সংশোধন করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। গত বছরের ২১ অক্টোবর ইউএনএফপিএ'র 'বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০১০'- শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ দেখানো হয়। গত ৩ মে ইউএনএফপিএ বাংলাদেশের জনসংখ্যা সংশোধন করে ১৪ কোটি ৯০ লাখের কাছাকাছি দেখায়। বাংলাদেশে পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফলে দেখা গেছে, ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। সংস্থাটির অক্টোবরে উল্লেখিত জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবের চেয়ে দেড় কোটি বেশি হওয়ায় তা প্রত্যাখ্যান করে সরকার। প্রতিবেদন প্রকাশের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "এটা অনাকাঙ্খিত হস্তক্ষেপ। তাদের এ ধরনের কোনো অধিকার নেই।" ইউএনএফপিএ'র প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয় ১ দশমিক ৪০ শতাংশ। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের সম্ভাব্য জনসংখ্যার হিসাবেও পরিবর্তন এনেছে সংস্থটি। দেশে প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি করে বিবিএস। ২০০৪ সালের আগে ইউএনএফপিএ'র হিসাবে ২০৫০ সালে বাংলাদেশের সম্ভাব্য জনসংখ্যা ২১ কোটি ৮০ লাখ দেখানো হতো। ২০০৪ সালে তারা বলে, ২০৫০ সালে জনসংখ্যা হবে ২৪ কোটি ৩০ লাখ। এরপর ২০০৬ সালে তারা এ সংখ্যা বাড়িয়ে ২৫ কোটি ৬০ লাখ এবং ২০০৮ সালে তা আবার কমিয়ে ২২ কোটি ২৫ লাখের কথা বলে যা ইউএস পপুলেশন রেফারেন্স ব্যুরোর হিসাবের কাছাকাছি। এখন ইউএনএফপিএ বলছে, ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ১৯ কোটি ৪০ লাখ। এরপর জনসংখ্যা কমবে। শনিবার পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফল প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের কাছে বিবিএস'র বাইরে অন্য কোনো সংস্থার জনসংখ্যার হিসাব দেওয়ার বৈধতা আছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, "জ্ঞানের জগতে আমরা নিজেদের সবচেয়ে বেশি জ্ঞানী ভাবলে জ্ঞানের বিকাশ ঘটবে না। "যারা জ্ঞান চর্চা করে তাদেরও আমাদের গ্রহণ করতে হবে।" জনসংখ্যা গবেষক ও যুক্তরাষ্ট্রভিত্তিক মেজার ইভালুয়েশনের পরামর্শক ড. আহমেদ-আল সাবির বলেন, "এটা হাস্যকর। এতে কেবল বিভ্রান্তি ছড়ায়।" এ ধরনের বিভ্রান্তি দূর করতে বিবিএসকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। ইউএনএফপিএ'র সহকারি প্রতিনিধি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা জনসংখ্যার কোনো হিসাব দেন না। তিনি বলেন, "জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী সংক্রান্ত বিভাগের জনসংখ্যা দপ্তর থেকে প্রতিবছর তথ্য সংগ্রহ করে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রকাশ করি আমরা।" "বিভিন্ন দেশের আদমশুমারি থেকে পাওয়া তথ্য সংগ্রহ করে তারা।" আদমশুমারির পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়ায় সম্ভাব্য জনসংখ্যার হিসাব ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হওয়ায় মধ্যবর্তী সময়ের জন্য ওই তথ্য ব্যবহার করে ইউএনএফপিএ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২২৫৬ ঘ.