পাবনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের এক সপ্তাহ পর চরমপন্থীদল দল পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার আঞ্চলিক নেতা আব্দুস সাত্তারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর এলাকা থেকে সাত্তারের লাশ উদ্ধার করা হয়। তিনি আতাইকুলা থানার কাকিলাখালি গ্রামের বুদু সেখের ছেলে।
পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত্তার এক সপ্তাহ আগে নিখোঁজ হয়। শরীর দেখে মনে হচ্ছে কয়েক দিন আগে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে দুবৃর্ত্তরা।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সাত্তার চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সক্রিয় সদস্য ছিল। তার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৫ ঘ.
bdnews24