ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষের চেয়ারে বসা আম্বিয়া খাতুন ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর বলেছেন, তিনি আর ওই পদে নেই।
বৃহস্পতিবার দুপুরে এক দফা বৈঠকের পর বিকালে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পুনরায় বৈঠকে যাওয়ার সময় বেইলি রোডে তিনি সাংবাদিকদের একথা বলেন।
অধ্যক্ষ নিয়ে জটিলতায় বুধবার থেকে অচলাবস্থার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে যান আম্বিয়া খাতুন। সঙ্গে যান চার শিক্ষক।
সেখান থেকে ফিরে বিদ্যালয়ে সব শিক্ষকদের নিয়ে বৈঠক করেন আম্বিয়া। বৈঠকের পর বিকালে ঢাকা বোর্ডে পুনরায় রওনা হন তিনি। ওই সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে কিছু বলতে রাজি হননি তিনি।
আপনি কি এখন অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন- প্রশ্ন করা হলে তিনি এক কথায় জবাব দেন, "না, নেই।"
এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের বৈঠকে অধ্যক্ষ হিসেবে তিনটি নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়েছে। তারা হলেন- মঞ্জু আরা বেগম, রোখসানা শামীম ও রায়হানা কামাল।
৩৪ বছর ধরে ভিকারুননিসায় শিক্ষকতা করে আম্বিয়া সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থী ও শিক্ষকদের চাপে তিনি গতকাল অধ্যক্ষের দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন।"
এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে উত্তেজনা চলছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার অধ্যক্ষ নিয়ে জটিলতা তৈরি হয়।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সিদ্ধান্তে আম্বিয়া বুধবার অধ্যক্ষের চেয়ারে বসলেও তার এ নিয়োগের বৈধতা প্রশ্নবিদ্ধ ছিলো শুরু থেকেই।
পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. দিলীপ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সিদ্ধান্ত পর্ষদের নয়। অন্যদিকে অধ্যক্ষ হোসনে আরা বেগমও বলেন, তিনি পদত্যাগ না করায় ওই পদে কারো বসার বৈধতা নেই।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আইনত শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এখনো হোসনে আরা বেগম।
বুধবার বিকালে বিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে চার সদস্যের একটি এডহক কমিটি গঠন করে।
হোসনে আরার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, তিনি গ্রেপ্তার শিক্ষক পরিমলকে রক্ষার চেষ্টা চালিয়ে আসছিলেন। যদিও হোসনে আরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
অন্যদিকে বুধবার আম্বিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের ফটকের পাশের দেয়ালে কিছু পোস্টার বৃহস্পতিবার দেখা গেছে, যাতে তাকে 'মৌলবাদী' হিসেবে আখ্যায়িত করা হয়। তবে এটা অপপ্রচার বলে দাবি করেন আম্বিয়া।
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক স
bdnews24