ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় নিহত ৩৯ স্কুলছাত্রের পরিবারকে সান্ত্বনা জানাতে মিরসাইয়ের পথে রয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর মিরসরাইয়ের পথে রওনা হয়।
বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৯ জন স্কুলছাত্রের শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খালেদা জিয়া মিরসরাই যাচ্ছেন।
দুপুরে ফেনী সার্কিট হাউজে খালেদা জিয়া যাত্রা বিরতি করবেন বলে জানান তিনি।
খালেদা জিয়ার কর্মসূচির মধ্যে রয়েছে- বিকালে মিরসরাই একজন নিহত পরিবারের সদস্যের বাড়ি যাবেন এবং সেই পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন। এরপর তিনি আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।
খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, বিজেএমই'র সাবেক সভাপতি এসএম ফজলুল হক।
সোমবার মিরসরাইয়ে একটি ট্রাক ডোবায় পড়ে ৩৯ শিক্ষার্থীর মৃত্যু হয়। স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে মিরসরাই স্টেডিয়াম থেকে বাড়ি ফিরছিলো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৫৫ ঘ.
bdnews24