২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে নিহতদের নামের 'সংশোধিত' তালিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় 'আসলে' ৩৯ জন মারা গেছে জানিয়ে নিহতদের নামের একটি সংশোধিত তালিকা দিয়েছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:15 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় 'আসলে' ৩৯ জন মারা গেছে জানিয়ে নিহতদের নামের একটি সংশোধিত তালিকা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে মিরসরাইয়ে একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা। ওই দুর্ঘটনার পর চট্টগ্রাম জেলা ও মিরসরাই উপজেলা প্রশাসন এবং মিরসরাই থানার পক্ষ থেকে ৪৪ জনের মৃত্যুর কথা সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। তাদের পক্ষ থেকে ৪৩ জনের নামও সরবরাহ করা হয়েছিল। তবে বুধবার বিকালে ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাহায্যের অর্থ বিতরণ করতে গিয়ে হিসাবের গড়মিল ধরা পড়ে বলে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ কুতুব জানান। তিনি বলেন, "মৃতের সংখ্যা ৪৪ নয়, ৩৯ জন হবে। সোমবারের মৃতের তালিকায় তারেক নামে তিন জন ছিল। প্রকৃতপক্ষে ওই নামে মারা গেছে একজন। এছাড়া রাজীব নামে দুইজনের কথা আসলেও পরে দেখা গেছে- মারা গেছে একজন। এছাড়া মিঠু চন্দ্র নাথ ও শুভ চন্দ্র নাথ নামে দুই স্কুল ছাত্র নিহত নয়, আহত হয়েছে।" নিহতদের মধ্যে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়েরই ২৮ ছাত্র রয়েছে বলে সংশোধিত তালিকায় উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই স্কুলের ৩৫ জন দুর্ঘটনায় নিহত হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর চার ছাত্র সোমবারের দুর্ঘটনায় মারা গেছে। এরা হলো- তোফাজ্জেল হোসেন, জাহেদুল ইসলাম জাহিদ, জাহেদুল ইসলাম ও নূর মোহাম্মদ রাহাত। মঙ্গলবার ষষ্ঠ শ্রেণীর এই তালিকায় রাজিব হোসেন নামের এক ছাত্রের নাম ছিল। আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বুধবার বলেন, "রাজীব নামে আবু তোরাব হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর কোনো শিক্ষার্থী মারা যায়নি। মারা গেছে এস এম প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর রাজীব হোসেন।" আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর নিহত ৫ ছাত্র হলো- সাখাওয়াত হোসেন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মঞ্জুর মোরশেদ ও সাইফুল ইসলাম। ওই দুর্ঘটনায় মারা গেছে অষ্টম শ্রেণীর ১০ জন। এরা হলো- ধ্র"ব নাথ, লিটন দাস, আমিন শরীফ, তাকিবুল্লাহ মাহমুদ সাকিব, তারেক হোসেন, আল মোবারক, উজ্জ্বল চন্দ্র নাথ, রূপম চন্দ্র নাথ, মেজবাহ উদ্দিন ও একই শ্রেণীর সাবেক ছাত্র টিটু জলদাস। মঙ্গলবারের তালিকায় অষ্টম শ্রেণীর ১১ শিক্ষার্থী নিহত হওয়ার কথা বলা হয়েছিল। জাফর সাদেক জানান, ওই তালিকায় শুভ চন্দ্র নাথ নামে এক ছাত্রের নাম ছিল, যে মারা যায়নি। শুভ আহত অবস্থায় চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন। নিহত টিটু জলদাস গত বছর বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে লেখাপড়া ছেড়ে দিয়েছিল বলে প্রধান শিক্ষক জানান। একই স্কুলের নবম শ্রেণীর ৭ শিক্ষার্থী মারা গেছে ওই দুর্ঘটনায়। এরা হলো- সূর্য চন্দ্র নাথ, আরিফুল ইসলাম, আবু সুফিয়ান সুজন, ইমরান হোসেন ইমন, শরিফ উদ্দিন, শামছুদ্দিন ও তারেক হোসেন। মঙ্গলবারের তালিকায় এই স্কুলের নবম শ্রেণীর ১০ ছাত্রের নাম ছিল। প্রধান শিক্ষক জাফর সাদেক জানান, মিঠু চন্দ্র নাথ নামে যে ছাত্রের নাম আগের তালিকায় ছিল- সে মারা যায়নি, আহত হয়েছে। এছাড়া তারেক রহমান, তারিক হোসেন ও তারেক হোসেন নামে যে তিনটি নাম আগের তালিকায় এসেছিল, তাদের মধ্যে মারা গেছে শেষজন। মৃত তারেক হোসেন পূর্ব মায়ানি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। দুর্ঘটনায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর নিহত দুই ছাত্র হলো- আনন্দ দাস ও সামছুদ্দিন। এছাড়া আবু তোরাব প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তিন ছাত্র সাখাওয়াত হোসেন, আশরাফ উদ্দিন ও সাখাওয়াত হোসেন নয়ন; এস এম প্রাথমিক বিদ্যালয়ের দুইজন এ বি এম রিয়াজ উদ্দিন ও রাজিব হোসেন; আবু তোরাব ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান আজাদ ও মো. সাইদুল ইসলাম; প্রফেসর কামাল উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইফতেখার উদ্দিন মাহমুদ ও সাজু চন্দ্র দাস ওই দুর্ঘটনায় নিহত হয় বলে সংশোধিত তালিকায় উল্লেখ করা হয়েছে। এছাড়া সোমবারের দুর্ঘটনায় নিহতদের মধ্যে যে দুজন শিক্ষার্থী নন- তারা হলেন আনোয়ার হোসেন ও আশরাফ উদ্দিন তমিজ। জাফর সাদেক বলেন, "সন্তান কোন শ্রেণীতে পড়ে- অভিভাবকদের অনেকেই তা সঠিকভাবে বলতে পারেননি। ফলে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক নাম একাধিকবার তালিকাভুক্ত হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/০১১২ ঘ.