২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার এক যুগ পর ট্রাকচালকের কারাদণ্ড

চট্টগ্রামে ১২ বছর আগের এক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১২ বছর আগের এক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার বিকালে মহানগর হাকিম মাহবুবুর রহমান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ট্রাকচালক আবুল খায়ের পলাতক। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের জয় মিয়ার ছেলে। আদালতের বেঞ্চ সহকারী মো. হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদের ফকিরহাট এলাকায় ট্রাকচাপায় নিহত হন ওই এলাকার বাসিন্দা ইসমাইলের ছেলে মো জাবেদ (২৬)। এ ঘটনায় ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। পুলিশ এ মামলায় আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দুই জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। জরিমানার ১০ হাজার টাকার মধ্যে ৯ হাজার পাঁচশ টাকা নিহতের পরিবারকে ও বাকি পাঁচশ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/০০১৯ ঘ.