চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইজনের নাম পাঁচবার গণনা এবং দুই আহত শিক্ষার্থীকে নিহত ধরা হয়েছিল জানিয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসন বলছে, সোমবারের সড়ক দুর্ঘটনায় আসলে ৩৯ জন মারা গেছে, ৪৪ জন নয়।
বুধবার বিকালে ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাহায্যের অর্থ বিতরণ করতে গিয়ে হিসাবের এই গড়মিল ধরা পড়ে বলে মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ কুতুব বলেন, "মৃতের সংখ্যা ৪৪ নয়, ৩৯ জন হবে। সোমবারের মৃতের তালিকায় তারেক নামে তিনজন ছিল। প্রকৃতপক্ষে ওই নামে মারা গেছে একজন। এছাড়া রাজীব নামে দুইজনের কথা আসলেও পরে দেখা গেছে মারা গেছে একজন। এছাড়া মিঠু চন্দ্র নাথ ও শুভ চন্দ্র নাথ নামে দুই স্কুল ছাত্র নিহত নয়, আহত হয়েছে।"
সোমবার দুপুরে মিরসরাইয়ে একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা।
ওই দুর্ঘটনার পর চট্টগ্রাম জেলা ও মিরসরাই উপজেলা প্রশাসন এবং মিরসরাই থানার পক্ষ থেকে ৪৪ জনের মৃত্যুর কথা সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। তাদের পক্ষ থেকে ৪৩ জনের নামও সরবরাহ করা হয়েছিল।
এছাড়া সোমবার রাতে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজার সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীনের উপস্থিতিতে মাইকে ৪৪ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ কুতুব বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকার অর্থ সহায়তা দিতে গিয়ে ৪৪ জন শিক্ষার্থীর পরিবার খুঁজে পাওয়া যায়নি। পরে মায়ানি, খৈয়াছড়া, মগাদিয়া, সাইরখালী ইউনিয়নের নিহতদের বাড়ি বাড়ি গিয়ে নিহতদের সংখ্যা হিসাব করা হয়।
আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, "রাজীব নামে আবু তোরাব হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর কোনো শিক্ষার্থী মারা যায়নি। মারা গেছে এস এম প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর রাজীব হোসেন।"
কিন্তু রাজিবের নাম দুই স্কুলের তালিকাতেই এসেছিল জানিয়ে তিনি বলেন, তার স্কুলের একজন সাবেক ছাত্রসহ মোট ২৮জন মারা গেছে। আগের তালিকায় থাকা মিঠু চন্দ্র নাথ ও শুভ চন্দ্র নাথ মারা যায়নি, আহত হয়েছে।
এছাড়া তারেক রহমান, তারিক হোসেন ও তারেক হোসেন নামে যে তিনটি নাম আগের তালিকায় এসেছিল, তাদের মধ্যে মারা গেছে শেষজন। মৃত তারেক হোসেন পূর্ব মায়ানি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
জাফর সাদেক বলেন, "সন্তান কোন শ্রেণীতে পড়ে- অভিভাবকদের অনেকেই তা সঠিকভাবে বলতে পারেননি। ফলে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক নাম একাধিকবার তালিকাভুক্ত হয়।"
বুধবার পর্যালোচনার পর ইউএনও কার্যালয়ের হিসাব অনুযায়ী, ওই দুর্ঘটনায় আবু তোরাব হাই স্কুলের ২৮ জন (এরমধ্যে একজন অষ্টম শ্রেণীর সাবেক ছাত্র), আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, আবু তোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী এবং ছাত্র নন- এমন আরো দুইজনের মৃত্যু হয়েছে।
মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, "দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ নয়, ৩৯ জনই হবে।"
এর মধ্যে মায়ানি ইউনিয়ন পরিষদের ২২ জন, মঘাদিয়া ইউনিয়নের ১৫ জন, সাইরখালী ইউনিয়নের ১ জন এবং খৈয়াছড়া ইউনিয়নের ১ জন মারা গেছে বলে জানান তিনি।
মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় তার ইউনিয়নেরই ২২ জন মারা গেছে।
চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবদুল মালেকও মৃতের সংখ্যায় গড়মিল থাকার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেন, "ইউএনও, উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা বুধবার নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করেছেন।"
এছাড়া ওই দুর্ঘটনায় ১২ জন আহত হওয়ার কথা উল্লেখ করে আবদুল মালেক বলেন, তারা নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২২৪১ ঘ.
bdnews24