২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা: সকালে শুরু রাতে বন্ধ

সকালে শুরু হয়ে জেলা প্রশাসনের নির্দেশে রাতেই বন্ধ হয়ে গেলো জয়পুরহাটের মাসব্যাপী বাণিজ্য মেলা। স্থানীয় ব্যবসায়ীদের চাপের মুখে এই মেলা বন্ধ করে দেওয়া হয় বলে জানান মেলার আয়োজনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

জয়পুরহাট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালে শুরু হয়ে জেলা প্রশাসনের নির্দেশে রাতেই বন্ধ হয়ে গেলো জয়পুরহাটের মাসব্যাপী বাণিজ্য মেলা। স্থানীয় ব্যবসায়ীদের চাপের মুখে এই মেলা বন্ধ করে দেওয়া হয় বলে জানান মেলার আয়োজনকারীরা। মঙ্গলবার সকালে ডেকোরেটর মালিক সমিতি আয়োজিত এই বাণিজ্য মেলা শুরু হয়ে বিকালে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, গত ২৭ জুন জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জেলা শহরের 'স্বপ্নছায়া' কমিউনিটি সেন্টার চত্বরে ডেকোরেটর মালিক সমিতি মাসব্যাপী এ বাণিজ্য মেলা শুরুর উদ্যোগ নেয়। কিন্তু অনুমতি দেয়নি জেলা প্রশাসন। পরে সোমবার জেলা প্রশাসনের অনুমতি পায়। মঙ্গলবার সকালে ধুমধাম করে মেলা শুরু করে ডেকোরেটর মালিক সমিতি। কিন্তু শুরুর পরপরই মেলার বিরোধিতা করে মাঠে নামে পৌর এলাকার 'জয়পুরহাট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ'। তারা মঙ্গলবার শহরে মাইকিং করে বুধবার সমাবেশের ডাক দেয়। জয়পুরহাট জেলা ব্যাবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী জানান, এখানকার ব্যবসায়ীরা সারা বছর ঈদ আর পূজার জন্য অপেক্ষা করে থাকে। এই সময়েই মূল ব্যবসা হয়। তাই প্রশাসনকে আগেই অনুরোধ করেছিলাম ঈদ ও পূজার পর যেন মেলার অনুমতি দেওয়া হয়। কিন্তু প্রশাসন ব্যবসায়ীদের কথা উপেক্ষা করেই মেলার অনুমতি দেওয়ায় তারা আন্দোলনের ডাক দেন। তিনি জানান, এখন প্রশাসন থেকে মেলা বন্ধ করায় আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জয়পুরহাট ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার বলেন, এ মেলা বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। তিনি দাবি করেন, ডেকোরেটর মালিক সমিতির প্রায় ১০ লাখ টাকা লোকসান হচ্ছে। রাজধানীর নিউমার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান 'তানহা লেদার হাউজ'র আনোয়ার হোসেন জানান, চড়া সুদে ঋণ নিয়ে মেলায় দোকান দিয়েছিলাম লাভের আশায়। এখন কী করবো ভেবে পাচ্ছি না। একই কথা বলেন ঢাকা চাঁদনি চকের আপন টেক্সটাইল-এর ব্যবস্থাপক খোকন মিয়াও। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসাধারণ চায় না, তাই বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৪ ঘ.