চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বাটালি হিলের ধসে পড়া প্রতিরক্ষা দেয়ালের আশপাশের এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় এস্টেট অফিসার রশিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী এস্টেট অফিসার আব্দুল বারী জানান।
এ সময় পুলিশ এবং জিআরপি থানার সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুর বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের পক্ষ থেকে বসতিগুলোর অবকাঠামোগুলো ভেঙে দেওয়া হয়। পরে বসতি স্থাপনকারীরা তাদের মালামাল সরিয়ে নেয়।
মোট ৪০টির মতো ঘর উচ্ছেদ করা হয়েছে বলে আবদুল বারী জানান।
গত ১ জুলাই সকালে নগরীর টাইগার পাস এলাকার বাটালি হিলের প্রতিরক্ষা দেয়াল ধসে ১৮ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সরকারি মালিকানাধীন পাহাড়ের পাদদেশে বসতি স্থাপনকারীদের নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়।
এর ধারাবাহিকতায় রেলওয়ে এ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান সহকারী এস্টেট অফিসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/১৮০৩ ঘ.
bdnews24