ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হত্যা মামলার শুনানি চলছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অস্থায়ী আদালতে এর শুনানি শুরু হয়। আদালতে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি চলছে।
গত ৫ জুলাই আগের দিনের শুনানিতে এ মামলার পুনঃতদন্ত দাবি করেন আসামি পক্ষের এক আইনজীবী।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।
আসামির সংখ্যা অনেক হওয়ায় আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এর বিচার চলছে।
গত ২৩ মে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষে ২০ জুন আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। এ বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১০৫৪ ঘ.
bdnews24