ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করায় পাঁচ সচিবসহ ১১ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক মামলায় মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
পরিকল্পনা, অর্থ, নৌ-পরিবহন, যোগাযোগ ও পানিসম্পদ সচিবসহ ওই ১১ কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
বাকি ৬ কর্মকর্তা হলেন- বিআইডব্লিউটিএর চেয়ারম্যান; ভূমি জরিপ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।
ঢাকার আশেপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে রোববার মামলা করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
এরপর সোমবার আদালত আদেশ দিয়েও তা সাক্ষর হওয়ার আগে প্রত্যাহার করে। মঙ্গলবার আদেশের আগে শুনানিতে আবেদনকারী পক্ষের কৌঁসুলি ও সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমানের বক্তব্য শোনে।
সংস্থার পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রোববার জানান, ঢাকার চার নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা রক্ষায় ২০০৯ সালের ২৫ জুন নির্দেশনা দিয়েছিলো হাইকোর্ট।
এতে ওই চার নদী ভরাট করে নির্মিত সব স্থাপনা অপসারণ, নদীর সীমানা পিলার স্থাপন, তীরে হাঁটার পথ তৈরি, নদী খনন করে পলিথিন ব্যাগসহ অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এসব নির্দেশনা বাস্তবায়নে গত ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও সরকারপক্ষের আবেদনে ছয় মাস সময় বাড়ায় আদালত। সেই বর্ধিত সময়ও গত ৩০ মে শেষ হয়ে যায়।
নির্দিষ্ট সময়ে আদালতের নির্দেশনা বাস্তবায়না না করায় গত ২ জুলাই এক সপ্তাহ সময় দিয়ে বিবাদীদের উকিল নোটিশ দেওয়া হয়। তাতে সাড়া না মেলায় মামলা করা হয়েছে বলে মনজিল জানান।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মূল মামলা ও উকিল নোটিশে বিবাদী হিসাবে থাকলেও আইনি নোটিশের জবাব দেওয়ায় তাকে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান মনজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬২৬ ঘ.
bdnews24